
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আমিনুর রহমান (৪১)। তিনি দেবহাটা উপজেলার বেজোরআটি এলাকার মো. রুহুল গাজীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে নওয়াপাড়া এলাকায় র্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আমিনুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছে থাকা ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
