
বরিশাল প্রতিনিধি: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বরিশালে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ টহল শুরু করেছে র্যাব-৮। সদর কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহানের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়েছে।
বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, ঈদ উপলক্ষে দুর্গম এবং দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ কেনাকাটা ও ভ্রমণের জন্য নগরীতে প্রবেশ করেন। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নারীর টানে লঞ্চ ও বাসযোগে যাত্রীরা বরিশালে আসেন। যাত্রীরা রাত বা ভোরে লঞ্চ ও বাস টার্মিনালে নেমে বিভিন্ন গন্তব্যে যান। এই সময়জনিত চাপকে কেন্দ্র করে একদিকে পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী হয়রানি করার চেষ্টা করে, অন্যদিকে কিছু অপরাধী তাদের অপকর্মের জন্য এই সময়কেই বেছে নেয়।
র্যাব-৮ ভ্রাম্যমান টহল বৃদ্ধি করে নগরীতে যাত্রী, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করছে। নগরী জুড়ে র্যাবের একাধিক গাড়ি নিয়মিত টহল দিচ্ছে। সদর কোম্পানি কমান্ডার মেজর মোঃ রওনক জাহানের নেতৃত্বে লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও মার্কেট এলাকায় টহল চালানো হচ্ছে। টহল টিম যাত্রী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলছে এবং নিরাপত্তা জোরদারের বিষয়ে আশ্বস্ত করছে।
র্যাবের এই কার্যক্রমের ফলে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মেজর রওনক জাহান জানান, র্যাব-৮ এর অধিনায়কের নির্দেশে নগরীসহ অন্যান্য জেলাতেও সমানভাবে টহল বৃদ্ধি করা হয়েছে। “যাত্রী ও ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধ করাও আমাদের মূল লক্ষ্য,” তিনি জানান।
নগরবাসী র্যাবের টহল বৃদ্ধিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা বলছেন, “র্যাবের টহল থাকার কারণে বাজারে কেনাকাটা এবং যাত্রা করতে এখন নিরাপদ অনুভূত হচ্ছে।”
