
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলা-এ চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় যুবদল নেতা মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এ হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে রায়পুর উপজেলা থেকে লিটন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এর আগে একই দিন সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন চৌধুরীকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। তিনি নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের সদস্য সচিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্যবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে মো. আবদুল হাই (৭৫)সহ তিনজন আহত হন।
অভিযোগ রয়েছে, জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮ থেকে ১০ জনের একটি দল হামলা চালায়। এ সময় জমির মালিক আবদুল হাইকে মারধর করে পাশের খালে ফেলে দেওয়া হয়। হামলায় তার দুই ছেলেও আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর অবস্থায় আবদুল হাইকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. সুমন বাদী হয়ে ছয়জনকে এজাহারনামীয় আসামি করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
