
গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে একটি জিপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনীতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের জিপ গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি প্যাকেটের ভেতরে ১৯৬টি জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ অন্তত নয়টি মামলা রয়েছে।
