
র্লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—কামাল হোসেন (৩৫) ও সুমন (৩০)। তারা দুজনই নন্দীগ্রাম এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রামের একটি বাড়ির উঠানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
