লক্ষ্মীপুরে কৃষকদল নেতা ও তার ছেলেকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কোনো কারণ ছাড়াই আমির হোসেন খান নামে এক স্থানীয় কৃষকদল নেতাকে মারধর করে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাবার চিৎকার শুনে এগিয়ে এলে তার ছেলে আজমির হোসেনকেও পিটিয়ে আহত করা হয়। গতকাল সোমবার (৮ জুন) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আমির হোসেন খান চররমনী মোহন ইউনিয়ন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওহাব মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কৃষকদল নেতা আমির হোসেন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওহাব মোল্লা এবং তার দুই ছেলে আল-আমিন ও রুহুল আমিনসহ কয়েকজন মিলে হঠাৎ তার পথ গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আমিরকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। বাবার চিৎকার শুনে ছেলে আজমির হোসেন এগিয়ে এলে তাকেও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত কৃষকদল নেতা আমির হোসেন খান বলেন, “ওহাব মোল্লা তার লোকজন নিয়ে কোনো কারণ ছাড়াই আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার সাথে থাকা ব্যবসার ২ লাখ টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমার ছেলে আজমিরকেও তারা নিষ্ঠুরভাবে মারধর করেছে। হামলায় আমাদের দুইজনেরই হাতের হাড় ভেঙে গেছে।”

তবে ছিনতাই ও মারধরের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। ওহাব মোল্লার ছেলে আল-আমিন বলেন, “একটি জমি নিয়ে বিরোধের জেরে আমির ও তার লোকজনই উল্টো আমাদের ওপর হামলা করেছে। হামলায় আমার বাবাসহ কয়েকজন আহত হয়েছেন। আমিরদের কেউ আহত হয়নি, তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মারামারির এমন কোনো ঘটনা এখন পর্যন্ত পুলিশকে জানানো হয়নি।

তিনি বলেন, “এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”