
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবয়াবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার কোর্টবাজার এলাকায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
রোববার রাত প্রায় ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমানের ছেলে ও এক নারীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রোববার রাতে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা দিয়ে হামলা করা হলে আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সংঘর্ষে আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
