রায়পুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সিএনজিচালকদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার (৬ জুন) দিনব্যাপী এই অভিযান চালানো হয়।

অভিযানকালে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অপরাধে কয়েকজন সিএনজিচালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে চালকদের ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে রায়পুরের সিএনজি স্ট্যান্ডগুলোতে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আজ প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যানদের ডেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর তদারকি করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে বা অতিরিক্ত ভাড়া আদায়ে মদদ দিলে লাইনম্যানদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যাত্রী হয়রানি বন্ধে এই ধরনের মোবাইল কোর্ট ও কঠোর নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।