
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদের নতুন পোশাক নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার (১৮) ওই গ্রামের বাসিন্দা মো. সেলিমের মেয়ে এবং একই এলাকার রিদয় হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সামিয়া ও রিদয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক কেনা নিয়ে সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরিবারের সদস্যদের দাবি, এ ঘটনার জেরে রাত আটটার দিকে সামিয়া নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে রাত ১০টার দিকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত সামিয়ার স্বজনেরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
