
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলা ও লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক দুই অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ভোলা সদর উপজেলার কুঞ্জুপট্টি সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা।
এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে রামগতি উপজেলার রামদয়াল এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. বাসেক (৩০) নামে আরও এক মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড স্টেশন রামগতি। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় ১০ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ভোলা সদর থানা ও রামগতি থানা-তে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
