লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে আব্দুল আহাদ নামের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল আহাদ ওই মাদ্রাসারই অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ কক্ষে ডেকে নেন অধ্যক্ষ আব্দুল আহাদ। সেখানেই তার ওপর শারীরিক নির্যাতন ও বলাৎকারের ঘটনা ঘটে। পরে পরদিন দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে যায় এবং পরিবারের সদস্যদের বিষয়টি খুলে বলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।