
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় মো. জসিম (৪৫) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকায় একটি দোকান ও সংলগ্ন বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে মজুদ করে রাখা ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার বলেন, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, জব্দ করা তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
