
মো. ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এক পরিবারকে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এতে পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা মোল্লারহাট এলাকার বাসিন্দা মৃত কামালের পরিবারের সদস্য। তাঁরা পৌর শহরের মধ্যবাজার এলাকায় গোডাউনের পেছনে নদীর পাড়ের একটি বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঘর থেকে অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে যান। পরে ঘরের ভেতর পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় অভিযুক্ত এক ভাসমান ফল বিক্রেতা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাঁকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিবারের তিন সদস্যকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গণপিটুনিতে আহত অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি কী কারণে এবং কীভাবে ঘটল, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
