রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হানিফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মো. বারেক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল রোববার রাতে র‍্যাব তাঁকে রায়পুর থানায় হস্তান্তর করেছে।

র‍্যাব-১১ সিপিসি-৩ (নোয়াখালী) সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে র‍্যাবের নোয়াখালী ও দিনাজপুরের যৌথ অভিযানে দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে বারেককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় নিজের জমিতে গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটছিলেন হানিফ মিয়া। এ সময় প্রতিপক্ষ বারেক মিয়া সেখানে গিয়ে তাঁকে কিল-ঘুষি মারেন। এতে হানিফ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে ধরতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বারেকের অবস্থান নিশ্চিত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার বিকেলের দিকে আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।