
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় নকল খতিয়ান জমা দিয়ে নামজারির চেষ্টা করায় মিরন ভূঞা নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
দণ্ডপ্রাপ্ত মিরন ভূঞা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে ভূমি অফিসে নকল খতিয়ান জমা দিয়ে নামজারির আবেদন করেন মিরন ভূঞা। যাচাই-বাছাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চলছে। অনিয়ম বা জালিয়াতির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।’
