লক্ষ্মীপুরে চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম পাওয়ায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় নথিপত্র না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, অপারেশন থিয়েটারের অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের অতিরিক্ত বেড থাকায় জেলা শহরের সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না থাকায় ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রয়েল মেডিকেল সার্ভিসেস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।