
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় ফুটবল বিশ্বকাপের পতাকা টাঙানো নিয়ে বিরোধের জেরে এক আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।
গত সোমবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই আর্জেন্টিনা সমর্থকের নাম আজাদ হোসেন (২০)। তিনি হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ব্রাজিল সমর্থকের নাম রিফাত হোসেন। তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে এলাকার কয়েকজন তরুণ আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় ব্রাজিলের সমর্থক রিফাতসহ কয়েকজন তাঁদের পতাকা টাঙাতে বাধা দেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি বেধে গেলে রিফাত একটি লাঠি দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে আজাদের মাথা ফেটে রক্তাক্ত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আজাদ হোসেন বলেন, “আমি ও আমার বন্ধুরা মিলে আমাদের প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলাম। এ সময় রিফাত হোসেন এসে আমাদের ওপর চড়াও হয় এবং পতাকা টাঙাতে বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে সে আকস্মিকভাবে লাঠি দিয়ে আমার ওপর হামলা চালায়। হামলায় আমার মাথা ফেটে গেছে।”
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত হোসেন।
তিনি বলেন, “আমি কাউকে মারধর করিনি। পতাকা টাঙানো নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য বাগ্বিতণ্ডা হয়েছিল, এর বাইরে আর কিছু নয়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “বিশ্বকাপ ফুটবলে দল সমর্থন ও পতাকা টাঙানোকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে মারামারিতে একজন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
