রামগতিতে কৃষিজমির টপ সয়েল কাটায় দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতিতে কৃষিজমির উর্বর মাটি বা টপ সয়েল কাটার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রামগতি উপজেলার চর বাদাম ও চর আলগী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি ও পরিবহনের প্রমাণ পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িত দুই ব্যক্তিকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমির টপ সয়েল কেটে ইটভাটা ও বিভিন্ন স্থাপনায় ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন ফসলি জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে, অন্যদিকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব জমিতে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন কৃষকেরা।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষিজমির উর্বর মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এতে কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”