ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, কমলনগর এলজিইডির উপসহকারী প্রকৌশলী বদলি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছেন।

 

গত ৪ মার্চ যুগান্তর–এ সংবাদ প্রকাশের পর তাকে কমলনগর থেকে স্ট্যান্ডরিলিজ (তৎক্ষণাৎ অবমুক্তি) করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বদলি করা হয়েছে।

 

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী স্বাভাবিক ভঙ্গিতে এক ঠিকাদারের দেওয়া টাকার বান্ডিল গুনছেন এবং তা প্যান্টের পকেটে রাখছেন।

 

ভিডিওতে তিনি বলেন, “আপনারা বসেন, বিল রেডি করিতেছি, এখনই সই করে দিচ্ছি।”

 

ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়, যেখানে ভুক্তভোগী ঠিকাদার কৌশলে ভিডিও ধারণ করেছিলেন।

 

সংবাদ প্রকাশের পর বিষয়টি এলজিইডি সদর দপ্তর–এর নজরে আসে।

 

সোমবার (৯ মার্চ) প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনের অনুযায়ী, ১০ মার্চের মধ্যে মোহাম্মদ আলী নতুন কর্মস্থল টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যোগদানের নির্দেশ পেয়েছেন।

 

কমলনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ জানান, মোহাম্মদ আলী ইতোমধ্যে নাগরপুরে যোগদান করেছেন। তার স্থলে শহীদুল ইসলামকে কমলনগরে উপসহকারী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। যদিও শহীদুল ইসলাম সশরীরে উপস্থিত না, তিনি ইমেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠিয়েছেন।