লক্ষ্মীপুরে বিদেশি রিভলভারসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও চারটি গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া শহিদ ওরফে শিপন ওই এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে শিপনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে সদর থানার একটি দল রাধাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি এবং চারটি গুলির খোসা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে তার কাছে এলো এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।