
মেঘনা নদীতে কোস্ট গার্ডের ১১ ঘণ্টার বিশেষ অভিযান
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন—রামগতি উপজেলার বাসিন্দা কুখ্যাত ডাকাত মোঃ আজিম ব্যাপারী (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬)। কোস্ট গার্ড জানায়, প্রধান আসামি আজিম ব্যাপারী একজন চিহ্নিত অপরাধী। এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্ট গার্ডের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (৫ জুন) রাত ৮টা থেকে আজ শনিবার সকাল ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি দল। অভিযান চলাকালে নদী থেকে কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ডাকাতির নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের নদীপথের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এই ধরনের জলদস্যু ও ডাকাত বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
