
নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় দিনদুপুরে একটি বাসার জানালা ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহিনুর রহমান শাহিন সিংড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বাসার বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন বলেন, ‘বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরে ঢুকে সবকিছু তছনছ করে। আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি থানায় অভিযোগ করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও বিচার চাই।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
