হাইমচরে ৫ হাজার কেজি জাটকাসহ ১০ জেলে আটক, কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে মেঘনা নদীর চরভৈরবী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২৭ দশমিক ৫ মণ (৫ হাজার ১০০ কেজি) জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়। জব্দ করা জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

পরে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জব্দ করা জাটকাগুলো সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক–এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের পোনা জাটকা সংরক্ষণের জন্য মার্চ ও এপ্রিল—এই দুই মাস পদ্মা নদী ও মেঘনা নদী–এর চাঁদপুর অংশের প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।