জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
: বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ–কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে। অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুজাহিদুল ইসলামের দোকানে জুস কেনাকে কেন্দ্র করে বাইজিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে বাইজিদ ধারালো হাসুয়া দিয়ে মুজাহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাঁকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে আটক করে।

এ বিষয়ে মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চিতলমারী থানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাইজিদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।