লক্ষ্মীপুর সদর ভূমি অফিসে ঘুষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নামজারি করতে ৫ থেকে ১০ হাজার টাকা দাবি, অনলাইনে বাতিলেরও অভিযোগ

 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস–এর এক নাজিরের বিরুদ্ধে নামজারি (জমাখারিজ) সংক্রান্ত কাজে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক আবেদনকারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নামজারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট নাজির ফাইলপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে আবেদন বাতিল করে দেওয়ারও অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তিনি লক্ষ্মীপুর পৌরসভা–এর ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। গত ১১ ডিসেম্বর ২০২৫ তাঁর শাশুড়ির নামে একটি নামজারি আবেদন করেন (নথি নং–১৫৭১৪/২৫–২৬)। সংশ্লিষ্ট তহসিলদার ও সার্ভেয়ারের প্রতিবেদন শেষে অনুমোদনের জন্য ফাইলটি নাজিরের টেবিলে যায়।

অভিযোগ অনুযায়ী, নাজির ফজলু তাঁর কাছে ৫ হাজার টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বলেন, ‘সবাই প্রতি নথিতে ৫ হাজার টাকা করে দিয়ে থাকে।’ একপর্যায়ে আবেদনকারীর কাছ থেকে মূল দলিলের কপিও নেন। আবেদনকারী টাকা না দিলে নামজারি নামঞ্জুর করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ আবেদনকারী নিজের নামে আরেকটি নামজারি আবেদন করেন (নথি নং–১৭৮৩৪/২৩–২৪)। অভিযোগে বলা হয়, ওই আবেদনেও নাজির ১০ হাজার টাকা দাবি করেন। আবেদনকারী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর নামজারি আবেদনটি সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক হার্ড কপিতে অনুমোদিত হলেও পরে অনলাইনে বাতিল দেখানো হয়।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে জানতে চাইলে নাজির তাঁকে ফোনে জানানো হয়েছে বলে দাবি করেন। তবে আবেদনকারীর ভাষ্য, তাঁর কাছে এ ধরনের কোনো ফোনকল আসেনি।

অভিযোগকারী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসন–এর কাছে লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজির ফজলুর বলেন, এর সাথে আমার কোনো পরিচয় নাই। পরবর্তী আবার বলেন তাকে ছিনেন সে দালালি করতো। সে কিছু কাজের জন্য আমার কাছে আসেন পরবর্তী কাজ না হওয়া সে আমার বিষয় মিথ্যা অভিযোগ করেন।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।