লক্ষ্মীপুরে ৩ হাসপাতালকে জরিমানা লাইসেন্স না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান এবং যথাযথ লাইসেন্স না থাকায় তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—বারাকাহ মাল্টিকেয়ার হাসপাতাল, উপশম হাসপাতাল ও মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং লক্ষ্মীপুর মা ও শিশু প্রাইভেট হাসপাতাল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ ছিল। আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যথাযথ লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া হাসপাতালগুলোর পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, যা রোগীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অপরাধে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসনের প্রতিনিধি ছাড়াও সিভিল সার্জন কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।