রামগঞ্জে ডিবি পরিচয়ে ১৪ টন রডবোঝাই ট্রাক ছিনতাই, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে ১৪ টন রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে রামগঞ্জ পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালক মামুনুর রশিদ জানান, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিনি চট্টগ্রামের Abul Khair Steel থেকে ১৪ টন রডবোঝাই ট্রাক নিয়ে রামগঞ্জের উদ্দেশে রওনা দেন। রডগুলো রামগঞ্জের আলমগীর কনস্ট্রাকশনের জন্য সরবরাহ করা হচ্ছিল।

তিনি জানান, রামগঞ্জ পৌরসভা গেটে পৌঁছে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ট্রাকের ভেতর ঘুমিয়ে পড়েন। ভোর ৪টা ১০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার ও নোহা গাড়ি নিয়ে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন এবং ট্রাকে অবৈধ মালামাল আছে বলে অভিযোগ তোলেন।

চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন মামুনুর রশিদ। পরে তাকে ফেনী এলাকায় নামিয়ে দিয়ে ২৫০ টাকা দেওয়া হয় এবং মোবাইল ফোন রিসেট করে সিম রেখে দেওয়া হয়।

পরে এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তিনি বিষয়টি ট্রাক মালিককে জানান। এ ঘটনায় রামগঞ্জ থানায় অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ট্রাকে থাকা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবস্থান শনাক্ত করা হলেও প্রথমে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ১৪ এপ্রিল জামালপুর সদর এলাকা থেকে ট্রাকটির অবস্থান জানালে পুলিশ ও মালিকপক্ষ উদ্ধার অভিযানে নামে।

পরবর্তীতে টাঙ্গাইলের করটিয়া এলাকায় একটি হোটেলে নাস্তার সময় চালক মামুন অভিযুক্ত চক্রের কয়েকজন সদস্যকে শনাক্ত করেন। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় পুলিশ চক্রের চার সদস্যকে আটক করে।

আটকের সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।