সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের বিশেষ যৌথ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের দস্যুতা দমনে বিশেষ যৌথ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড সবসময় সক্রিয় রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত যৌথ অভিযান ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে।

অভিযানকালে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়।

এছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সুন্দরবনের ভেতর ও আশপাশের নদ-নদী ও খালে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, মৌয়াল ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত যোগাযোগ ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি ডাকাত আস্তানা শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।