
শ্যামনগর (সাতক্ষীরা) | নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ করার চলমান প্রক্রিয়ায় আরও এক বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ মোট ২৭ জন বনদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় এই আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও দস্যুতা নির্মূলে কোস্ট গার্ড ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে এর আগে ৪৫ জন বনদস্যুকে আটকের পাশাপাশি দস্যুদের কবল থেকে ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আত্মসমর্পণের সময় দস্যুরা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, ২টি চায়না পাইপগানসহ ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী এই দস্যুরা খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা; বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জেলে ও বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে। দস্যুতা ছেড়ে মূল ধারায় ফিরে আসা এই ২৭ জনের আত্মসমর্পণ সুন্দরবনকে দস্যুমুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা।
