কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে ব্যক্তিগত কাজে বের হন জাহাঙ্গীর। পথে বাগধারা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”