
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব কবির আহামদ। এ সময় পৌরসভার আওতাধীন চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, কাজের গতি ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু প্রকল্পে অগ্রগতি সন্তোষজনক হলেও কয়েকটি কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে উল্লেখ করা হয়।
প্রধান অতিথি কবির আহামদ তাঁর বক্তব্যে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।” তিনি ঠিকাদারদের পেশাদারিত্বের সঙ্গে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
