
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় জনসাধারণের জন্য একটি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ‘এক শহর এক স্বপ্ন’ স্লোগান সামনে রেখে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে এ ফিল্টার স্থাপন করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিল্টারটির উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. মোশাররফ হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোশাররফ হোসাইন বলেন, শপথ চত্বর শহরের অন্যতম জনবহুল এলাকা। এখানে প্রতিদিন পরিবহনশ্রমিক, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। বিশেষ করে গরমের সময়ে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা বাড়ে, কিন্তু সবার পক্ষে বোতলজাত পানি কিনে পান করা সম্ভব হয় না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে এখানে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের ফিল্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মোশাররফ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি জানান, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
