মানবতাবিরোধী অপরাধে ফের জামিন চাইলেন হুমায়ুন কবির পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জুলাই-অগাস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফের জামিন চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের কাছে তার আইনজীবী এই আবেদন করেন।

প্রথমবারের জামিন, কিন্তু মুক্তি পাননি

জুলাই হত্যাকাণ্ড মামলায় প্রথমবারের মতো জামিন পান হুমায়ুন। ট্রাইব্যুনাল-২ মানবিক বিবেচনায় গত ১১ জানুয়ারি এই আদেশ দেন। তবে স্থানীয় অন্য মামলার কারণে কারাগার থেকে মুক্তি পাননি তিনি। তাই মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবারও জামিনের আবেদন করেন তার আইনজীবী।

প্রসিকিউটরের বক্তব্য

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “একজন ক্যান্সার আক্রান্তের ভিত্তিতে জামিন পেয়েছিলেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে পরবর্তীতে দেখা গেছে, তারা যে নথিপত্র দেখিয়ে জামিন নিয়েছে, তা সন্দেহজনক। আমরা ট্রাইব্যুনালকে বলেছি নথিপত্রের যথার্থতা যাচাই করতে। পাশাপাশি সময় চেয়েছি।”

পরবর্তী শুনানির জন্য আদালত ২ মার্চ দিন ধার্য করেছেন।

আসামির পরিচয়

হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের আগস্টে তিনি প্রথমে অন্য মামলায় গ্রেফতার হন। এরপর মানবতাবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অন্য আসামিরা

মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন:

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।