
পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
অতিরিক্ত পরিচালক, ফরিদপুর অঞ্চল কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ আব্দুর রহিম বলেন, কৃষি উন্নয়নের মূল শক্তি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত কৃষক। আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। কৃষকদের সক্ষমতা বাড়াতে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে কাজ করছে।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসছে।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষক-কৃষাণীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
