তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা: জলাবদ্ধতা নিরসন ও প্রস্তুতিতে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ দিন আগে

তালা (সাতক্ষীরা) | নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় দুর্যোগ মোকাবিলা এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলার ১২টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, খাল খনন, অবৈধ নেট-পাটা অপসারণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু ত্রাণ বিতরণই যথেষ্ট নয়, বরং দুর্যোগের ঝুঁকি কমাতে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে বর্ষা মৌসুমে উপজেলার জলাবদ্ধতা নিরসনে খালগুলো সচল রাখা এবং বাঁধের সুরক্ষা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁন, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস প্রমুখ।

এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যাতে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব করা সম্ভব হয়।