নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদারে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: .
প্রকাশ: ৬ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আসা বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে এই ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেজ ক্যাম্পে অবস্থান করবে।

নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট প্যাট্রলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করা হবে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।’