কমলনগরে বসতবাড়িতে রাসেল ভাইপার, পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে একটি বসতবাড়ির উঠানে বড় আকারের বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন।

রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীরবর্তী পশ্চিম চর লরেন্স ফরাজীপাড়া এলাকার মজিবুল হক মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বড় আকৃতির সাপটি উঠানে কুণ্ডলী পাকিয়ে ছিল। বাড়ির এক গৃহবধূ আলো জ্বালালে সাপটি দেখতে পেয়ে চিৎকার করেন। পরে মুহূর্তের মধ্যে প্রতিবেশীরা জড়ো হয়ে সাপটিকে রাসেল ভাইপার হিসেবে শনাক্ত করেন এবং পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। এর কামড়ে শরীরে রক্তক্ষরণ, কিডনি জটিলতাসহ প্রাণঘাতী সমস্যা হতে পারে।

তিনি বলেন, সাপে কামড়ালে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে এবং আক্রান্ত অঙ্গ নড়াচড়া করানো যাবে না। ঝাড়ফুঁক, ক্ষতস্থান কাটা বা শক্ত করে বাঁধা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে।

ডা. সোহেল রানা আরও বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে এন্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রয়েছে।

তিনি জানান, রাতে চলাচলের সময় টর্চ ব্যবহার করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখা হলে সাপের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।