চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে তরুণদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। যে মাদক অফার করে, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং চ্যানেল এস-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস আলমগীর হোসেন।

বক্তারা বলেন, মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. সেরাজুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।