
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কচ্ছপ।
রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের আজমার খাল এলাকায় কচ্ছপটি ধরা পড়ে। স্থানীয় জেলে শাহাবুদ্দিন মাঝি মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল ফেলেছিলেন।
শাহাবুদ্দিন মাঝি জানান, রোববার বিকেলে তিনি আজমার খাল এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার শেষ পর্যায়ে হঠাৎ ভারী কিছু আটকে থাকার বিষয়টি টের পান। পরে জাল তুলে দেখেন, একটি বিশাল আকৃতির কচ্ছপ জালে আটকা পড়েছে। তিনি বলেন, জীবনে এত বড় কচ্ছপ আগে কখনো দেখেননি।
কচ্ছপটি তীরে আনার পর খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এক নজর কচ্ছপটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ জড়ো হন। স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীতে মাঝেমধ্যে কচ্ছপ দেখা গেলেও এত বড় আকারের কচ্ছপ খুবই বিরল।
বর্তমানে কচ্ছপটি জেলে শাহাবুদ্দিন মাঝির বাড়িতে রাখা হয়েছে।
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বিষয়টি তাঁর নজরে আসেনি। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, আইন অনুযায়ী বন্যপ্রাণী ধরা, সংরক্ষণ বা হেফাজতে রাখা নিষিদ্ধ। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনের আওতায় অবৈধ শিকার, পাচার কিংবা বন্যপ্রাণীর ক্ষতি হয়—এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
