ভোটাধিকার ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে লক্ষ্মীপুরে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’।

দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের উত্তর তেমুহনী এলাকায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে প্রচারণা চালায় ভোটের গাড়িটি।

এ সময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সচেতনতামূলক বার্তা প্রচার করা হয় সাধারণ মানুষের উদ্দেশে। প্রচারণাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই তথ্যচিত্র দেখেন এবং কর্মসূচিতে অংশ নেন।

জেলা তথ্য অফিস সার্বিকভাবে ভোটের গাড়ি টিমকে সহায়তা প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রচারকারীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।