দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত করতে এখন থেকেই সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যাঁরা নির্বাচনে অংশ নিতে চান, তাঁদের জনবান্ধব ও সৎ হতে হবে। সাধারণ মানুষের প্রয়োজনে পাশে থাকার মানসিকতা থাকতে হবে। তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি ভালো হলে সমাজব্যবস্থাও ইতিবাচকভাবে বদলে যায়, আর প্রতিনিধি ভালো না হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী হলে দলের জন্য তা ক্ষতিকর হতে পারে। বিষয়টি মাথায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ সময় তৃণমূল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অনুষ্ঠানে হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ উল্যাহসহ অন্যরা।