ঈদ সামনে রেখে লক্ষ্মীপুর পৌর শহরের মেইন রোডে যানজট কমাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌর শহরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের কেনাকাটায় আগত মানুষের ভিড় ও যানজট কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পৌরসভা।

 

লক্ষ্মীপুর পৌর শহরের বাজারের মেইন রোডে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ভলান্টিয়ার নিয়োগ ও রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।

 

বুধবার সকালে পৌর প্রশাসক জসীমউদ্দিন শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে এসব কার্যক্রম উদ্বোধন করেন।

 

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ্মীপুর পৌর শহরের বাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট বেড়ে যায়। বিশেষ করে মেইন রোডে ক্রেতা–বিক্রেতা ও যানবাহনের চাপ বাড়ার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

 

এ পরিস্থিতি সামাল দিতে পৌরসভা স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি সড়কের মাঝখানে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপন করেছে।

 

পৌর প্রশাসক জসীমউদ্দিন বলেন, ঈদের আগে শহরে মানুষের ভিড় বেড়ে যায়। তাই যানজট কমানো ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকেরা ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

 

তিনি আরও বলেন, শহরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং করা এবং অবৈধভাবে রাস্তা দখল করে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগ পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।