লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাওয়ার টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ি এলাকায় মো. হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলমের নাম জানা গেছে। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৪ এপ্রিল) হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের বিয়ে হয়। পরদিন শনিবার বরের বাড়িতে ভোজের আয়োজন ছিল। এ সময় কনেপক্ষের লোকজন সেখানে গেলে খাওয়ার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষের কয়েকজন সদস্য চেয়ারে দাঁড়িয়ে থাকায় বসা নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, খাওয়ার সময় কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

তবে এ বিষয়ে বরপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়দেব নন্দী জানান, আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।