লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার, সিএনজিচালিত অটোরিকশা জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত চার ব্যক্তি হলেন—লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০), এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বটতলা এলাকায় একদল অপরাধী দেশীয় অস্ত্র নিয়ে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের চলাচলে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপনসহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।