রায়পুরে মা ও তিন মেয়ে হত্যাকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচিত মা ও তিন মেয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

গত শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি রায়পুর থানা পরিদর্শনে যান। সেখানে তিনি থানার সকল পুলিশ সদস্যের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহা. আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পালসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিদর্শনের সময় ডিআইজি পুলিশের পেশাদারিত্ব বজায় রেখে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।