
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতিতে ১০ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মো. আনিসুর রহমান ওরফে মামুনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া আনিসুর রহমান মো. জহির উদ্দিনের ছেলে।
অন্যদিকে, ভুক্তভোগী শিশুটি রামগঞ্জ উপজেলার বাসিন্দা। সে ৩-৪ দিন আগে মায়ের সঙ্গে রামগতির চরসীতা গ্রামে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটিকে টাকা ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখায় আনিসুর। পরে কৌশলে তাকে একটি বসতঘরের ভেতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
রামগতি থানারঅফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, “ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
