বেগমগঞ্জে বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ আরাফাত হোসেন বাবু (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন আরাফাত হোসেন বাবু। পরে তাঁকে আটক করে তাঁর হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের পরিমাণ প্রায় ৩১ দশমিক ৫ লিটার। যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা আলামতসহ আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।