মজু চৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালত: ৭ মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় ৭টি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

আজ শনিবার (৬ জুন) দিনব্যাপী এই তদারকি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে হেলমেট না থাকা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সাথে না রাখা এবং চালক ছাড়া দুইজনের বেশি সহযাত্রী বহন করার অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী ৭টি মামলা করা হয়। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৩ হাজার ৬০০ টাকা সতর্কতামূলক অর্থদণ্ড (জরিমানা) আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে বিআরটিএ লক্ষ্মীপুর জেলা কার্যালয়, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় চালক ও আরোহীদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের তদারকি অভিযান ও মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।