বনপাড়া পৌর প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে অল্প সময়ের মধ্যেই পৌরসভা ও বাজার এলাকায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে বাজার এলাকার অবকাঠামোগত উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তা বিগত ১৫ বছরেও দেখা যায়নি।

বক্তারা আরও বলেন, উন্নয়নের এই ধারা ব্যাহত করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার পর বর্তমান প্রশাসকের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত উন্নয়ন শুরু হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা জনগণের শত্রু।”

ব্যবসায়ীরা হুঁশিয়ারি  করে বলেন, “এই বাজার আমাদের, উন্নয়নের বিরুদ্ধে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এমন অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যবসায়ী নেতা মোঃ সুরুজ আলী, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।