সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকছে, ফসল ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল (ইকরাছই) হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। সীমান্তের মনাই নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় হামিদপুর গ্রামের পাশের একটি গ্রামীণ সড়ক ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্র ও কৃষি বিভাগ জানায়, ওই হাওরে মোট ১১৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে হঠাৎ পানি ঢুকে পড়ায় কিছু জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, “এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, এটি হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক। নেত্রকোনার দুর্গাপুর এলাকা দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সড়কটি ভেঙে গেছে। ইকরাছই হাওরের বেশিরভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। তবে এখনো ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে।”

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় পানি আটকানোর চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

এদিকে হাওরপাড়ের কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাকি ফসলও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।